দক্ষিণ সিটিতে আইএসপিদের আন্ডার গ্রাউন্ড ক্যাবলিং মিশন শুরু

২০ অক্টোবর, ২০২০ ২১:৩২  
নগর সৌন্দর্য রক্ষায় আইএসপিএবি সদস্যদের সম্মিলিত অর্থায়নে শুরু হলো মাটির নিচ দিয়ে বাড়ি বাড়ি ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ। নাগরিক বিড়ম্বনা এড়াতে মধ্যরাতের পর দক্ষিণ সিটির সিটি কলেজ প্রান্ত থেকে রাস্তার দুই পাশ দিয়ে ১০০ মিটার পর পর ‘বোরিং কল’ স্থাপনের মাধ্যমে শুরু হচ্ছে এই মিশন। এজন্য ব্যবহৃত হচ্ছে এইচডি ড্রিলিং মেশিন। এর আগে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে এই কাজের লিখিত অনুমতি পেয়েছে আইএসপিএবি। অনুমতি অনুযায়ী, ধানমন্ডি ২৭ মোড় পর্যন্ত এই নির্দিষ্ট দূরত্বে ট্রেঞ্চ করে ক্যাবল সঞ্চালন করবে তারা। প্রসঙ্গত, গত ১২ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ১৮ তারিখ থেকে সব আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত আগস্ট মাস থেকে মাটির নিচ থেকে সংযোগের কোনো ব্যবস্থা না করেই আইএসপি ও ক্যাবল টিভি অপারেটরদের লাইনগুলো অপসারণ করা শুরু করে। এতে গত দুই মাসে আনুমানিক ২০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আইএসপিএবি ও কোয়াবকে। এছাড়াও ইন্টারনেট সংযোগ না থাকায় ৩৩টি টিভি চ্যানেলের সাংবাদিক, ১ লাখেরও বেশি চাকরিজীবী এবং ১ হাজার আইএসপি ও কোয়াব সদস্য চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এরপর গত শনিবার (১৭ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে ফলপ্রসূ বৈঠকের পর আইএসপিএবি ও কোয়াব ঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়। আর রোববার ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে উভয় সংগঠনের আলোচনার ভিত্তিতে নিজেরাই আন্ডার গ্রাউন্ড ক্যাবলিংয়ের মিশন শুরু করছে সংগঠন দুটি।